সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উত্তেজনা বৃদ্ধি বন্ধ, সহিংসতা হ্রাস এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বাড়ছে: মাওলানা মুত্তাকী
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো হামলার নিন্দা জানায় আফগানিস্তান।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সহিংসতা বৃদ্ধি এবং সংঘাত ছড়িয়ে পড়া পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে সংকট আরও গভীর করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সহিংসতা কমানো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।