ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার ঘটনায় কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী সামরিক জোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সৌদি আরবে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়।
শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরের যাত্রী টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এ হামলা একটি যুদ্ধাপরাধ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এর কঠোর জবাব দেওয়া হবে।’
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠীর এ হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেন আল-মালিকি। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন ও এর স্বীকৃত রীতিনীতি অনুসরণ করে জোটের যৌথ বাহিনী এ হামলার জবাব দেবে।
সূত্র : আরব নিউজ