মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অধ্যাপক প্রফেসর ড. শফিক সিদ্দিকী বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তার নাম রয়েছে।
দীর্ঘ গবেষণাজীবনে ড. শফিক ১৫০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি তার চারটি পেটেন্ট ও চারটি ট্রেডমার্ক রয়েছে। গবেষণার জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩৭টি অনুদান পেয়েছেন। বর্তমানে স্কোপাসে তার এইচ-ইনডেক্স ৩৩ এবং গুগল স্কলারে ৪০।
ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহতে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি ২৭ জন পিএইচডি ও এমএসসি শিক্ষার্থীর গবেষণার তত্ত্বাবধান করেছেন। তাদের মধ্যে ২৫ জন ইতোমধ্যে ডিগ্রি সম্পন্ন করেছেন।
গবেষণা ও উদ্ভাবনে অবদানের জন্য ড. শফিক ৭০টি পুরস্কার পেয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে তিনি ২৫ বার মূল বক্তা হিসেবেও বক্তব্য দিয়েছেন। তার গবেষণালব্ধ কয়েকটি পণ্য ইতোমধ্যে বাজারে এসেছে।
তরুণ গবেষকদের উদ্দেশে ড. শফিক বলেন, ‘তুমি নিজেকে যতটুকু সক্ষম বলে মনে করো, তার চেয়েও অনেক দূর এগিয়ে যেতে পারো। সংকল্পকে দৃঢ় করো এবং প্রচেষ্টা অবিরাম ও ধারাবাহিক রাখো। লক্ষ্যের প্রতি অটল থাকলে একদিন অবশ্যই সেখানে পৌঁছানো সম্ভব।’
মালয়েশিয়ার জাতীয় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে তার গবেষণা ও উদ্ভাবন নিয়ে প্রতিবেদনও প্রচার হয়েছে।