মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের ফাইল ছবি (সংগৃহীত)

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিলে এসব স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের সামরিক অবস্থানসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে এ সতর্কবার্তার কথা উঠে এসেছে। এর আগে দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা আঘাত হানবে ইরান।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া শর্তের বিষয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইরান। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে নৌ অবরোধ তুলে নিলে এক সপ্তাহের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা প্রস্তুত।

তেহরান একই সঙ্গে জানিয়েছে, যুদ্ধ শুরু করার উদ্যোগ তাদের নেই। তবে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আত্মরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাশাপাশি কাতারসহ বিভিন্ন পক্ষের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর প্রচেষ্টাও চলছে।

Home R3