জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন, কমেডি তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতিকর্মী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০৩ জন অধিকারকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের হাতে ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি শার্ট ও প্ল্যাকার্ড ছিল।
অবস্থান কর্মসূচিতে সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের আরও অনেক পরিচিত ব্যক্তি অংশ নেন।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া সুসান সারান্ডন এর আগেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করেছেন। অন্যদিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের আটকের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা সহিংসতার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন গণহত্যার অভিযোগ তুলেছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের পরিচিত ব্যক্তিরাও।