পর্তুগালের “ভোল্টা” সিস্টেম বাতিলের দাবিতে পিটিশন; সই ৩৭ হাজারের বেশি

পর্তুগালে প্লাস্টিক বোতল ও ক্যানের ওপর চালু হওয়া ‘ভোল্টা’ ডিপোজিট ও অর্থ ফেরত ব্যবস্থা বাতিলের দাবিতে করা নাগরিক পিটিশনে ৩৭ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনটি বর্তমানে দেশটির জাতীয় সংসদের সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।

গত ১৫ আগস্ট সংসদ, সরকার ও পরিবেশ সংস্থার কাছে পিটিশনটি জমা দেওয়া হয়। আইন অনুযায়ী সংসদে কোনো পিটিশন আলোচনার জন্য ৭ হাজার ৫০০ স্বাক্ষর প্রয়োজন হলেও জমা দেওয়ার সময়ই এতে ৩৪ হাজারের বেশি স্বাক্ষর ছিল।

পিটিশনে দাবি করা হয়েছে, ‘ভোল্টা’ ব্যবস্থা স্থগিত করে আরও স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর পরিবেশবান্ধব ব্যবস্থা চালু করতে হবে। নাগরিকদের অভিযোগ, এতে কোম্পানিগুলোর খরচ ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে এবং প্রযুক্তিগত সমস্যার দায়ও তাদের নিতে হচ্ছে। পাশাপাশি ব্যবস্থাটির আর্থিক ও পরিবেশগত কার্যক্রমের স্বাধীন নিরীক্ষার দাবি জানানো হয়েছে।

এপ্রিল থেকে চালু হওয়া এই ব্যবস্থায় ৩ লিটারের কম ধারণক্ষমতার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল ও অ্যালুমিনিয়াম ক্যান কেনার সময় অতিরিক্ত ১০ সেন্ট জমা দিতে হয়। পরে নির্ধারিত ‘ভোল্টা’ পয়েন্টে বোতল বা ক্যান ফেরত দিলে সেই অর্থ ফেরত পাওয়া যায়।

তবে চালুর পর বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বিশেষ করে ১০ সেন্ট ফেরতের আশায় অনেকে ময়লার পাত্র থেকে বোতল সংগ্রহ করায় রাস্তায় আবর্জনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।

পরিবেশমন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো চলতি মাসের শুরুতে ব্যবস্থাটির বাস্তবায়নে কিছু ত্রুটি থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, সমস্যাগুলো সমাধানে পৌরসভাগুলোর সঙ্গে সমন্বয় ও নজরদারি বাড়ানো হচ্ছে।

Home R3