৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

সতর্ক না হলে বাংলাদেশে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সতর্ক না হলে বাংলাদেশে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং এখনই কার্যকর সতর্কতামূলক পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য ও পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। তাই পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই অক্টোবর শুরুর পূর্বেই সর্বস্তরে সমন্বিত সতর্কতা অবলম্বন করা জরুরি।

ড. এ এম এ মুহিত বলেন, বিগত বছরগুলোর তুলনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা কিছুটা কম হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকেই সাধারণ মানুষকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের সরকারি-বেসরকারি স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে এডিস মশার প্রজননস্থলমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Home R3