৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের জন্য একটি সর্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে শিক্ষকসমাজও অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সমাজে অত্যন্ত সম্মানিত এবং স্বশিক্ষায় শিক্ষিত। তাঁরা শিক্ষার্থীদের সঠিক আচরণ ও নৈতিকতার শিক্ষা দিয়ে থাকেন; ফলে তাঁদের নতুন করে আচরণবিধি শেখানোর তেমন প্রয়োজন নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অসচেতন ব্যবহারের কারণে সার্বিক শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ কারণেই একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও উল্লেখ করেন, শিক্ষকদের এমন কোনো বক্তব্য বা মন্তব্য করা সমীচীন নয়, যা সমাজে বিভেদ উসকে দেয় কিংবা শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও শিক্ষকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের একটি সার্বজনীন কাঠামো তৈরির কাজ এগোচ্ছে এবং শিক্ষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।

Home R3