মালয়েশিয়া থেকে জলপথে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের অভিযোগে আটজন বাংলাদেশিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী।
সোমবার (৩১ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় রিয়াউ প্রদেশের ডুমাই জেলা সংলগ্ন উপকূল থেকে তাদের আটক করা হয় বলে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। আটক বাকি আটজন ইন্দোনেশিয়ার স্থানীয় নাগরিক।
ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, দুটি ইঞ্জিনবিশিষ্ট একটি দ্রুতগামী স্পিডবোটে চড়ে মালয়েশিয়া থেকে সাগরপথে অনুপ্রবেশকারীরা রিয়াউ প্রদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। উপকূলবর্তী পুর্নামা সৈকতে নামার সময় নৌবাহিনীর টহল দল তাদের হাতেনাতে আটক করে।
কর্নেল কুসুমাজি জানান, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে নিশ্চিত হয় নৌবাহিনী। এরপরই পুর্নামা উপকূল ও সংলগ্ন জলসীমায় তাৎক্ষণিক নজরদারি জোরদার করা হয়।
পরবর্তীতে নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াতের নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে ডুমাই নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা শাখা এবং ফ্লিট কমান্ডের (কোয়ারমাদা) ইন্টেলমার অপারেশনস টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। তিনটি দলে ভাগ হয়ে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় নৌবাহিনী।