২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে নিয়ে গত কয়েক দিন ধরে চলছিল নানা আলোচনা। গত ১৯ আগস্ট থেকে হঠাৎ তার মুঠোফোন বন্ধ, বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠানও। একই সময়ে স্ত্রীসহ পরিবারের চার সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একপর্যায়ে তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অবশেষে সেই রহস্যের কিছুটা জট খুলেছে। চট্টগ্রাম থেকে পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে তারা কেন আত্মগোপনে গিয়েছিলেন, কী কারণে পরিবারের সবাইকে নিয়ে চাঁদপুর ছাড়লেন এবং এর পেছনে কোনো আর্থিক বা ব্যবসায়িক বিষয় রয়েছে কিনা- এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

পুলিশের বক্তব্য অনুযায়ী, পিন্টু দাস ও তার পরিবারের সদস্যরা নিজেদের ইচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত হওয়ার পর চট্টগ্রামে অভিযান চালানো হয়।

ঘটনার শুরু ১৯ আগস্ট। ওই দিন থেকে পিন্টু দাসের সঙ্গে স্বজনদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মুঠোফোনে কল করেও পাওয়া যাচ্ছিল না তাকে। একই সময়ে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ পাওয়া যায়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে না পারায় স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এরপর স্থানীয়ভাবে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের ‘নিখোঁজ’ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাদের অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য ও গুঞ্জন ছড়াতে থাকে।

এ অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাদের অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তাদের চট্টগ্রামে অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিন্টু দাসসহ পরিবারের চার সদস্যকে উদ্ধার করে।

Home R3