রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে শীর্ষ সন্ত্রাসী ও গডফাদারমুক্ত করতে পরিচালিত বিশেষ অভিযানের মুখে কিশোর গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটি জানিয়েছে, ধারাবাহিক অভিযানের ফলে বর্তমানে মোহাম্মদপুরে কোনো ধরনের কিশোর গ্যাং সক্রিয় নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সংবাদ সম্মেলনে নয়মুল হাসান বলেন, “আমরা মূলত অপরাধের মূল হোতা বা গডফাদারদের গ্রেপ্তারে জোর দিচ্ছি। নিচের সারির ছোটখাটো সদস্যদের পেছনে সময় নষ্ট না করে মূল নিয়ন্ত্রকদের আইনের আওতায় আনার ফলেই মোহাম্মদপুর আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল হয়েছে।”
মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে তৈরি করা নেতিবাচক ভাবমূর্তি থেকে বের করে আনার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, “মোহাম্মদপুর নিয়ে যে ভীতি তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। আমাদের বিশ্বাস, অদূর ভবিষ্যতে পুরো এলাকা থেকে সব ধরনের সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল হবে এবং মোহাম্মদপুর সবার জন্য একটি নিরাপদ ও বসবাসের উপযোগী এলাকা হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও জানান, কেবল মোহাম্মদপুরই নয়, পুরো রাজধানীকে অপরাধ ও বখাটেমুক্ত রাখতে একই ধরনের সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
চাঞ্চল্যকর অ্যালেক্স ইমন হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তকারী সংস্থাকে সহায়তা করাই র্যাবের মূল কাজ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও কারণ স্পষ্ট হবে। তবে মামলার আনুষ্ঠানিক তদন্ত থানা পুলিশ করছে বিধায় তারাই বিস্তারিত তথ্য জানাতে পারবে বলে জানান তিনি।