১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

তীব্র লোডশেডিংয়ে ক্ষোভ: হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

তীব্র লোডশেডিংয়ে ক্ষোভ: হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

গোপালগঞ্জ জেলা শহরে চরম লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের সম্ভাব্য ক্ষোভ ও হামলার শঙ্কায় জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে নিরাপত্তা চেয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

মঙ্গলবার (১১ আগস্ট) ওজোপাডিকো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়।

গোপালগঞ্জে তীব্র গরমে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ফলে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ওজোপাডিকোর দপ্তর ও ২টি উপকেন্দ্রসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনাগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতাভুক্ত করা ও বিশেষ নজরদারির আবেদন করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, শহরে ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ বরাদ্দ মিলছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। চাহিদার তুলনায় তীব্র ঘাটতির কারণে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা, যা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, চিঠি হাতে পেলে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Home R3