১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিই কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।”

সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলো আরও ভালো যাবে।”

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই পক্ষকেই নিজ নিজ সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ সবসময়ই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায়।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই মাসে বাংলাদেশে আমি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছি, তা সত্যিই আমাকে অভিভূত করেছে।

Home R3