ফাইল ছবি
দেশে মাদক ও কিশোর গ্যাং একটি গুরুতর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শনিবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, খেলাধুলার প্রসার ঘটিয়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। তিনি জানান, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে রক্ষায় সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করেছে। খেলাধুলা তরুণদের ইতিবাচক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যবসা-বাণিজ্যের প্রসারে অনুকূল পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয়।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের সমৃদ্ধি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ওপর নির্ভরশীল। শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে সম্পদের ধারণায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি প্রযুক্তি ও আধুনিক চিন্তাধারাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সঠিক সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটলে সমাজে বৈষম্য কমবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
এতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।