ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরব-এর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এই নৌ-অবরোধ কার্যকর করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, সানা-র আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর দীর্ঘদিন ধরে চলমান অবরোধ অগ্রহণযোগ্য এবং এটি আর সহ্য করা হবে না। এর জবাবে অবরোধের মাধ্যমেই প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
হুথিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং সৌদি আরবের যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।
এদিকে তিনি ইয়েমেনের জনগণের প্রতি সাধারণ সমাবেশ ও অস্ত্রধারণের আহ্বান জানিয়ে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।