সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (আকামা) ইস্যু ও নবায়নে নতুন সুবিধা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন, যা আগে নির্দিষ্ট দীর্ঘমেয়াদি সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা গৃহকর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের আকামা মেয়াদ বেছে নিতে পারবেন। ‘আবশের’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে।
এই ব্যবস্থার ফলে নিয়োগকর্তাদের আর এককালীন দীর্ঘমেয়াদি আকামা নবায়ন করতে হবে না। তারা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য ফি পরিশোধ করতে পারবেন। এছাড়া তিন মাস বা এর গুণিতক মেয়াদের ক্ষেত্রে কিস্তিতে ফি পরিশোধের সুযোগও রাখা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়ানো এবং গৃহকর্মীদের সেবাকে আরও সহজ ও আধুনিক করা লক্ষ্য। এতে দেশটিতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।