১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে ট্রাক (ট্রেলার) সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

বুধবার (১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশ্যে দ্রুতগতিতে যাচ্ছিল। পথে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে উভয় যানবাহনে আগুন ধরে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসের ওপরের বার্থে থাকা যাত্রীরা ধাক্কার পর নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালকের তন্দ্রা বা অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করে, ফলে বাসে আটকে পড়া যাত্রীদের অনেককে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রাণহানি বেড়েছে। এছাড়া বাসের মালামাল রাখার স্থানে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন স্থানীয়রা।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আহতদের পরিচয় শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।

Home R3