১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের হলদিয়ায় পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়ায় একটি পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে চিরঞ্জিপুর এলাকার এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা যায়, পাইপলাইনে গ্যাস লিকের কারণে প্রথমে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, আগের রাত থেকেই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

ভোর সাড়ে ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। পরে আগুন পাশের বস্তি ও বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে, ফলে একাধিক ঘরবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে দমকলের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তবে তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

দমকলের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। উদ্ধার অভিযানে প্রথমে ১৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আরও প্রায় ২০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর ছয়জনকে পরে গ্রিন করিডোরের মাধ্যমে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রভাবে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণে রেললাইনের পাশের ওভারহেড বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতার কারণে মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Home R3