উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা দেশটির সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। রোববার (২৮ জুন) দেওয়া এক কঠোর নির্দেশনায় তিনি জানান, ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার পূর্বানুমতি ছাড়া এগুলো পুনরায় চালু করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, তিনি স্বাধীন গণমাধ্যমের ধারণায় বিশ্বাস করেন না। তার অভিযোগ, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো উগান্ডা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন প্রচার করছে। ভবিষ্যতে কোনো সংবাদ প্রচারের আগে তা সেনাদপ্তরের মাধ্যমে যাচাই করার নির্দেশও দেন তিনি। একইসঙ্গে দেশের সব গণমাধ্যমকে সেনাবাহিনীর নির্ধারিত আইন মেনে চলার হুঁশিয়ারি দেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ডেইলি মনিটর দেশটির অন্যতম বৃহৎ স্বাধীন পত্রিকা এবং এনটিভি উগান্ডা একটি শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল। উভয় প্রতিষ্ঠানই ন্যাশনাল মিডিয়া গ্রুপের মালিকানাধীন।
ডেইলি মনিটর কর্তৃপক্ষ জানায়, রাজধানী কাম্পালার নামুওয়াঙ্গো অফিস ও সেরেনা হোটেল সংলগ্ন কার্যালয়ে ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এবং কাউকে ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে এনটিভি, স্পার্ক টিভি ও সংশ্লিষ্ট রেডিও স্টেশনগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে।
উল্লেখ্য, সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্টের ছেলে। বিশ্লেষকদের মতে, তিনি দেশটির বাস্তব ক্ষমতার কেন্দ্র হিসেবে প্রভাব বিস্তার করছেন। স্বাধীন গণমাধ্যমের ওপর এই পদক্ষেপকে উগান্ডার সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।