২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা জায়িদ হাসান

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক–বিষয়ক সম্পাদক জায়িদ হাসান।

শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীকে অবমাননাকরভাবে উল্লেখ করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তার পদ স্থগিতের দাবিও ওঠে।

জানা যায়, রাকসু নির্বাচনে তিনি ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন। তবে সংগঠনটিতে তার আনুষ্ঠানিক কোনো পদ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জায়িদ হাসানের পোস্টের ক্যাপশনে তিনি জাহানারা ইমামকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেন। একই পোস্টে ব্যবহৃত ফটোকার্ডে তার ভূমিকা সম্পর্কিত তথ্যও উল্লেখ করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যটিকে অশোভন আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমালোচনার মুখে পরে আরেকটি পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জায়িদ হাসান। সেখানে তিনি দাবি করেন, তিনি কোনো শহীদের মাকে উদ্দেশ করে মন্তব্য করেননি, বরং ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Home R3