চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে ঢুকে লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পল্লী বিদ্যুতের এক কর্মী।
এ ঘটনায় মারধর, নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিনতাই এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থানায় একটি মামলা দায়ের করেছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।
মামলার বিবরণ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে উত্তর ধানুয়া গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যান লাইনম্যান গ্রেড-১ মো. ইব্রাহীম ও গ্রেড-২ মো. আব্দুল কাদের। এ সময় ১০-১২ জন স্থানীয় ব্যক্তি অতর্কিতভাবে সাব-স্টেশনে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা লাইনম্যান আব্দুল কাদেরকে তুলে নিয়ে যায় এবং মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ বিরাজ করছিল। বারবার অভিযোগ জানানোর পরও সমাধান না পাওয়ায় উত্তেজিত হয়ে কিছু লোক এই হামলার ঘটনা ঘটায়।
অন্যদিকে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, সাব-স্টেশনের যন্ত্রপাতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে অনধিকার প্রবেশ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। সরকারি দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলাও গুরুতর অপরাধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে এবং বিদ্যুৎ আইনসহ প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী ও মো. জসিমসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।