বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদের ভেতরে নামাজরত এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২১ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল সরদার (৪২) একই এলাকার কাঞ্চন সরদারের ছেলে। পারিবারিক জমি বিরোধের জেরে তার বড় ভাই হারুন সরদার (৫৫) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের ফরজ নামাজের জামায়াত শুরুর আগে নজরুল সরদার সুন্নত নামাজ আদায় করছিলেন। এ সময় তিনি তিন রাকাত নামাজ শেষ করার পর হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মজিবর সরদার জানান, পাঁচ ভাইয়ের মধ্যে বড় হারুন সরদার তাদের বসতভিটার চার শতাংশ জমি দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে নজরুল সরদার বড় ভাইয়ের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করেন এবং বিকল্প হিসেবে বিলের ফসলি জমি ভোগদখলের প্রস্তাব দেন। তবে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি মসজিদে নামাজ আদায় করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নজরুল সরদার সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে দেশে ছুটিতে এসে পারিবারিক বিরোধ মেটানোর চেষ্টা করছিলেন। তার পুনরায় সৌদি আরব যাওয়ার কথা ছিল ২০ জুন, তবে বিরোধ নিষ্পত্তির জন্য তিনি আরও কয়েকদিন দেশে অবস্থান করেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।