২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরাইলিরা, ট্রাম্পকে বলছেন ‘বিশ্বাসঘাতক’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইসরাইলের সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই সমঝোতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে দুর্বল করেছে এবং দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাও কমিয়েছে।

রেহোভোতের হার্ৎজল স্ট্রিটের একটি রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে আলোচনায় অংশ নেওয়া অনেক নাগরিকের মতে, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইসরাইলের স্বার্থের অনুকূলে হয়নি। ৫৫ বছর বয়সী আভি পেরেজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

৩৫ বছর বয়সী শাহাম নোভিক বলেন, এটা অদ্ভুত। একদিন আমরা সন্তানদের নিয়ে বোমা আশ্রয়ে ছিলাম, পরদিন সব স্বাভাবিক বলা হচ্ছে। কিন্তু কিছুই সমাধান হয়নি।

রেহোভোত শহর, যা তেল-আবিবের কাছে অবস্থিত, ইসরাইলের জনমতের একটি প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি লেবাননে চলমান সংঘর্ষ নিয়েও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সহিংসতায় উভয় পক্ষেই প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি ইসরাইলের কৌশলগত অবস্থানকে দুর্বল করেছে। কেউ কেউ এটিকে কূটনৈতিক চাপ ও ব্যর্থতার প্রতিফলন হিসেবে বর্ণনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষক উদি টেনে বলেন, ইরান ও হিজবুল্লাহকে ইসরাইলের জন্য একই নিরাপত্তা হুমকির অংশ হিসেবে দেখা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক প্রফেসর তামার হারম্যান বলেন, সরকারের উচ্চ প্রত্যাশা পূরণ না হলে জনগণের মধ্যে ব্যর্থতার ধারণা তৈরি হয়, যা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দেয়।

এদিকে, সমালোচনার মধ্যেও কিছু মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাচ্ছেন। এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ মানুষ ইরান ইস্যুতে তাকে উপযুক্ত নেতা মনে করেন। তবে অন্যদিকে অনেকেই মনে করছেন, সরকার অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করে নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সমাজ বর্তমানে গভীরভাবে বিভক্ত হলেও নিরাপত্তা, রাষ্ট্রীয় পরিচয় ও আঞ্চলিক নীতির বিষয়ে একটি সাধারণ উদ্বেগ এখনও বিদ্যমান। পরিস্থিতি আগামী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Home R3