রাশিয়ায় ‘অ্যাডলফ হিটলার’ নাম ব্যবহার করে একটি রেস্তোরাঁয় পিৎজা অর্ডার এবং অনলাইনে নিষিদ্ধ নাৎসি প্রতীক প্রচারের অভিযোগে ১৮ বছর বয়সি এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত তরুণ একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় খাবার অর্ডার করার সময় হিটলারের নাম ব্যবহার করেন। পরে নাৎসি প্রতীক প্রচার ও উস্কানির অভিযোগে তাকে আটক করা হয়।
তদন্তে আরও জানা যায়, ওই শিক্ষার্থী তার কলেজের ডেস্কে নিষিদ্ধ নাৎসি প্রতীক এঁকেছিলেন এবং সেগুলোর ছবি তুলে একটি অনলাইন চ্যাট গ্রুপে শেয়ার করেছিলেন।
একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। পরে কলেজ প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি কোনো বাধা দেননি এবং নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, তরুণটি নিজের ভুল স্বীকার করেছে এবং দাবি করেছে যে, তার কাজের গুরুতর প্রভাব সম্পর্কে সে পুরোপুরি অবগত ছিল না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরাবৃত্তি করবে না বলেও সে প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র: সামা টিভি