গাইবান্ধার পলাশবাড়ীতে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে রংপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন ধর্মীয় নেতারা।
রবিবার (২১ জুন) সকাল ১১টায় রংপুর জুম্মাপাড়া মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ ইদরিস আলী। হেফাজতের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার স্থানীয় শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদীরা দেশকে অস্থিতিশীল করার একটি গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ঈমান-আকিদা সুরক্ষায় উলামায়ে কেরামকে অগ্রণী ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী দিনে উলামায়ে কেরামের করণীয় ও শান্তিপূর্ণ প্রতিবাদের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রশাসন ও সর্বস্তরের তৌহিদী জনতাকে সচেতন থাকার আহ্বান জানান।