কোরবানির ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এতে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এর ফলে প্রবাসী আয়ের প্রবাহে এ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, চলতি বছরের মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এছাড়া এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
গত কয়েক মাসেও ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে রেমিট্যান্স প্রবাহ। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ।