১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিমদের অত্যাচার করলে হিন্দুদের ছাড় দেওয়া হবে না : থালাপতি বিজয়

তামিলনাড়ুর সদ্য দায়িত্ব গ্রহণকারী মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের নির্যাতন বা বৈষম্য বরদাশত করা হবে না।

বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি সতর্ক করে বলেন, মুসলিমদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে ধর্মেরই হোক না কেন।

তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ব্যক্তি মুসলিমসহ অন্য কোনো সম্প্রদায়ের ওপর নির্যাতন চালায়, তবে অপরাধীর ধর্ম নয়, বরং অপরাধই বিবেচ্য হবে এবং তাকে কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সরকারের মূল লক্ষ্য হিসেবে তিনি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষার ওপর জোর দেন।

এদিকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে তিনি রাজ্যজুড়ে ‘টাসম্যাক’ পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দেন, যেগুলো ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার কাছে অবস্থিত ছিল। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৪,৭৬৫টি মদের দোকান চালু রয়েছে, যার মধ্যে সংবেদনশীল এলাকাগুলোর দোকান পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত রোববার শপথ নেওয়ার পর থেকেই তিনি একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ জেলা ইউনিট গঠন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই পদক্ষেপগুলো সামাজিক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে মদের দোকান বন্ধের কারণে রাজস্ব ঘাটতির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

তবুও তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জনসমর্থন ও পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা।