ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও খামারগুলোতে এবারও ব্যতিক্রমী নামের পশু দেখা যাচ্ছে। এর মধ্যেই নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল মহিষ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের সাদা-গোলাপি আভা এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার কর্তৃপক্ষ জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিনই বহু মানুষ মহিষটি দেখতে ভিড় করছেন। অনেক ক্রেতা এটিকে কেনার আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন ব্যক্তি বুকিং দিয়ে রেখেছেন।
খামারের কর্মচারীরা জানান, মহিষটি ঘাস, ভুট্টা ও ভূসি খেয়ে বড় হয়েছে এবং বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে।
ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে বড় ও আকর্ষণীয় পশুর পাশাপাশি আলোচিত নামের পশু রাখার প্রবণতা নতুন কিছু নয়। প্রতি বছরই ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা বিভিন্ন আলোচিত ব্যক্তির নামে গরু-মহিষের নামকরণ ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।