৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কওমি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

বাংলাদেশ-এ কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য বড় সুখবর এসেছে। আলিয়া মাদরাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়-এর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

সভায় জানানো হয়, সারাদেশে ১৩ হাজারের বেশি ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ ও ‘ইবতেদায়ি কারি’ পদে নিয়োগ দেওয়া হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এছাড়া আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর নির্দেশনায় কো-চেয়ারম্যান শেখ সাজিদুর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সহকারি মৌলভী পদে আবেদনের জন্য দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি ‘ইলমে কেরাত’ বা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ প্রয়োজন হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের গ্রেড ১০ এবং ‘ইবতেদায়ি কারি’ পদের গ্রেড নির্ধারণ করা হয়েছে ১৬।

এছাড়া সভায় ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

সভায় কওমি মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, মাদরাসাবিরোধী অপপ্রচারের মোকাবিলা এবং MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।