২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ হারালেন তিনজন

কালবৈশাখীর তাণ্ডবে বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-এ এক স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এ ঘটনায় শামীম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি একটি গরুও মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং ঝড়ো হাওয়া শুরু হয়। ওই সময় ফুয়াদ, রাফি ও মিজানুর বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

অন্যদিকে, পৃথক এক ঘটনায় ফুলছড়ি উপজেলা-এর ফজলপুর ইউনিয়নে আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আকস্মিক বজ্রপাতে এমন প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।