২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই-যোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-যোদ্ধা মো. শাহিনের চিকিৎসার খোঁজ নিচ্ছেন অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শাহিনকে দেখতে ও তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছুটে আসেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

ডা.আমান জানান, দেশের বিভিন্ন স্থানে এ রকম অপর্যাপ্ত বা উন্নত চিকিৎসা প্রয়োজন, এমন জুলাই-যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রীর তারেক রহমান সর্বদা আছেন।

তিনি আরও জানান, আগামীকাল সকালে শাহিনের অপারেশন পঙ্গু হাসপাতালে হবে।

এ সময় তিনি দেশবাসীর কাছে শাহিনের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন।

জানা যায়, চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার সামনে ১৯ জুলাই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন শাহিন। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত জনসভায় শাহিন ক্রাচে ভর করে উপস্থিত হন, যা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

তিনি তাৎক্ষণিকভাবে অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা.শাহ মুহাম্মদ আমান উল্লাহকে শাহিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ ভর্তি করেন ডা.আমান।

এ সময় উপস্থিত ছিলেন- ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন,নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজন, ডা. আলমগীর হোসেন জনি, ডা. আলাউদ্দিন, ডা. সায়েদ মাহবুব তমাল প্রমুখ।