১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে একদিনেই ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নেত্রকোণায় ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ২ জন, হবিগঞ্জে ১ জন এবং সুনামগঞ্জে ৫ জনসহ মোট ১১ জন নিহত হয়েছেন।

নেত্রকোণার আটপাড়া উপজেলা-র সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

অন্যদিকে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা-র বায়রাউড়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে রহমত আলী (উজ্জ্বল) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলা-র সখীপুর গ্রামে একটি মৎস্য খামারে মাছ ধরার সময় বজ্রাঘাতে মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫) নিহত হন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩০), রহমত উল্লা (১৫), নাজমুল হোসেন (২৬), আবুল কালাম (২৫) ও লিটন মিয়া (৩০)। স্থানীয় সূত্র জানায়, হাওরে ধান কাটার সময় আকস্মিক ঝড়বৃষ্টির মধ্যে এসব ঘটনা ঘটে।

এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-র মমিনা হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।