সরকারি চাকরিজীবীদের জ্বালানি প্রাপ্তি সহজ করতে তেল পাম্পে বিশেষ জরুরি লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময় এক ঘণ্টা করে এই সেবা চালু থাকবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে জাজিরা উপজেলা-এ এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবাখাতের যানবাহনকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশন-এ হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এ জরুরি সেবা চালু থাকবে। তবে পাম্পে জ্বালানি মজুদ থাকা সাপেক্ষে এই সুবিধা প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্টদের পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত নিয়মে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।