আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার (২৯ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। চিঠিটি কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কেন্দ্র ও কক্ষে সিসিটিভি স্থাপন ও সচল রাখা, ভিডিও সংরক্ষণ, কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রসচিব ছাড়া মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা (মেয়েদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা), নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া, প্রবেশপথে নির্দেশনা টাঙানো এবং কেন্দ্রের পরিচ্ছন্নতা ও আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।