২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাটির নিচ থেকে পাওয়া গেল ২৪ হাজার লিটার তেল

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাটির নিচে গোপনে সংরক্ষণ করা ট্যাংক থেকে প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পেট্রোল পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে স্থাপিত দুটি ট্যাংক এবং দুটি যানবাহনে জ্বালানি মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪,৫০০ লিটার পেট্রোল এবং ১৯,৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানায়, জব্দ করা জ্বালানি পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি অবৈধভাবে মজুদ করা হয়েছিল। ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এই মজুদ করা হয়।

জ্বালানি সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল।