ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়।
মদে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না।
নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটেছে, তা খতিয়ে দেখছে তদন্ত দল।