৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করে দিলো দিল্লির পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে দিল্লি পুলিশের হস্তক্ষেপে বাতিল করা হয়েছে।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি) ও বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সেমিনারে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি, ঢাকায় নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজসহ আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এফসিসির সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ বিবিসিকে জানান, সুনির্দিষ্ট কারণ না জানিয়েই শেষ মুহূর্তে দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি বাতিল করে এবং ভেন্যুর বাইরে পুলিশ মোতায়েন করে ব্যারিকেড দেয়। পুলিশের এক কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর অংশ হিসেবে যেকোনো অনুষ্ঠান বাতিলের অধিকার তাদের রয়েছে।

এর আগে গত ৫ আগস্ট এফসিসির একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন, ঢাকার অসন্তোষ বিবেচনায় নিয়ে এবং নতুন কোনো বিতর্ক এড়াতেই ভারত সরকার আওয়ামী লীগ নেতাদের নিয়ে এ ধরনের প্রকাশ্য অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

Home R3