পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ৭৪টি কারাগারে প্রায় ৮২ হাজার বন্দি উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন। ঈদ উপলক্ষে বিশেষ জামাত, উন্নত খাবার এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় দেশের বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বন্দিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের পায়েস ও মুড়ি পরিবেশন করা হয়। ঈদের দিন দুপুরে বন্দিদের জন্য পোলাও, রোস্ট, গরু ও খাসির মাংস, চমচম, কোমল পানীয়, পান-সুপারি ও সালাদ রাখা হয়েছে। রাতের খাবারে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম পরিবেশন করা হবে।
কারা অধিদপ্তর জানিয়েছে, ঈদ উপলক্ষে বন্দিদের স্বজনদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফ্রি জুস কর্নার, শিশুদের জন্য চকলেট ও চিপস বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বন্দিদের পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাৎ ও কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে জুলাই-আগস্টের ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন মামলায় আটক ১৩০ জন বিশেষ বন্দিও ঈদের এসব সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তা।