ফ্রান্সে এরাসমাস কর্মসূচির আওতায় পড়াশোনার সুযোগ পাওয়া তুরস্কের এক শিক্ষার্থীর ভিসা আবেদন তিনবার প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁর অভিযোগ, ভিসার আবেদনে মাথায় হিজাব (স্কার্ফ) পরা ছবি দেওয়ায় তাঁকে মাথা অনাবৃত করে নতুন ছবি দিতে বলা হয়েছিল।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগের পাশাপাশি বৃত্তিও পেয়েছিলেন। তবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তিনবার আবেদন করেও তিনি ভিসা পাননি।
আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একই সময়ে তাঁর কয়েকজন বন্ধু স্কার্ফ পরা ছবি দিয়েই ফরাসি ভিসা পেয়েছেন। তৃতীয়বার আবেদন করার পর তাঁকে দেওয়া নথিতে ছবিতে মাথা অনাবৃত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
ভিসা না পাওয়ায় সরবোনে পড়ার সুযোগ হারিয়ে হতাশ ওই শিক্ষার্থী বলেন, তাঁর জন্য স্কার্ফ খুলে ছবি দেওয়া কোনো বিকল্প নয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।