ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি সংগঠনটির সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (২ জুলাই) এক বিবৃতিতে হামাস এ তথ্য জানায়।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার শহীদ হন। এছাড়া একই সময়ে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ এবং সামরিক কমান্ডার মুহাম্মাদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে খলিল আল-হাইয়ার প্রভাব ও গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পায় এবং তিনি এখন সংগঠনটির রাজনৈতিক শাখার নেতৃত্ব গ্রহণ করলেন।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্ম নেওয়া খলিল আল-হাইয়া হামাস প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি এমন এক সময়ে নেতৃত্বে এলেন, যখন গাজা উপত্যকায় চলমান সংঘাত ও মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংগঠনটির কৌশলগত ও রাজনৈতিক দিকনির্দেশনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।