২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগত হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।

হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস—এই তিন এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রী পরিবহন করা হয়েছে।

এয়ারলাইনভিত্তিক হিসাবে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনের কোটা নির্ধারিত রয়েছে।

এবারের হজ কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

Home R3