১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

এদিকে হজ পালন করতে গিয়ে সর্বমোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ রোববার (১৭ মে) ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় ৫ জন মারা গেছেন।