ফাইল ছবি
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ব্যাপক অভিযান চালিয়ে ১৪ হাজার ২৬০ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৯০০ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে ৩ হাজার ৩৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এসপিএ আরও জানিয়েছে, সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সাহায্য করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি অভিযুক্তের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
মন্ত্রণালয় সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
সূত্র, গালফ নিউজ।