সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি (বিশেষ আবাসন সুবিধা) হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ থেকে জারি করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের বিশেষ ওয়ার্ক পারমিট নিতে হবে, যার জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্ম শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করে। এর আওতায় রয়েছে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কিউয়া প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের অধীনে নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এ ছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না।
সেবা ফি পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।
পদত্যাগ সংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশ পিরিয়ড চাকরির চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে।
অন্যদিকে, ভিসা সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। একবার ভিসা ইস্যু হওয়ার পর এতে কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।
বিশ্লেষকদের মতে, এসব নতুন নিয়ম সৌদি আরবের শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও কাঠামোবদ্ধ করার অংশ হিসেবে চালু করা হয়েছে।