লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি এলাকার কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করে এমন খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনের নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যান।