১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লিসবনে রমজানের আবহে সিআরসিআইপিটির ইফতার মাহফিল

পর্তুগালের রাজধানী লিসবনে ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল’ (সিআরসিআইপিটি) এর উদ্যোগে কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (শনিবার) লিসবনের লাইকা পর্তুগিজ স্কুলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু নাঈম মু. শহীদুল্লাহ, বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা রানা তাসলিম উদ্দিন, লিসবন মুসলিম কমিউনিটির সভাপতি ড. ইকবাল মাহমুদ এবং জোয়াও হেনরিক ও মার্তিম মনিজ মসজিদের সভাপতি মো. মোশারফ হোসাইন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লিসবন শিল্পী গোষ্ঠীর পরিচালক ও কমিউনিটি নেতা এস এম জাবেদ সরকার।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রবাসে বসবাস করেও ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের উপদেষ্টা আবু নাঈম মু. শহীদুল্লাহ বলেন, আমরা পর্তুগালের আইন মেনে আমাদের সংস্কৃতি চর্চা করি এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজ করে থাকি। ইসলাম ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় আমরা সব সময় সচেষ্ট থাকি। তাই সবার উচিত এদেশের আইন মেনে চলা।

এছাড়া ইফতারের আগে সংগঠনের সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান রমজানের তাৎপর্য ও কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে ইফতারের আগে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।