ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে টাইগাররা। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে জয় পাওয়ার প্রথম রেকর্ড এটি।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে নিক কেলির নেতৃত্বাধীন দল।
নিউজিল্যান্ডের হয়ে ক্যাটিনি ক্লার্ক ও ড্যান ক্লিভার দুজনই ৫১ রান করে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া অধিনায়ক নিক কেলি করেন ৩৯ রান এবং জশ ক্লার্কসন অপরাজিত থেকে ২৭ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ২ উইকেট। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত থেকে সর্বোচ্চ ৫১ রান করেন। শামীম হোসেন অপরাজিত ৩১ রান করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৮, লিটন দাস ২১, তানজিদ হাসান তামিম ২০ এবং সাইফ হাসান ১৭ রান করেন। দারুণ ব্যাটিং পারফরম্যান্সে ভর করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, তা-ও ১২ বল হাতে রেখেই।