২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাতের মধ্যে ১১ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ১১টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার, ময়মনসিংহে ১১৫ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪ মিলিমিটার এবং কুমিল্লায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Home R3