ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে মসজিদ, মাদরাসা, দরগাহ, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে চলমান বুলডোজার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শনিবার (১৮ জুলাই) দেওয়া এক অন্তর্বর্তীকালীন আদেশে আদালত আগামী দুই সপ্তাহের জন্য সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙচুরমূলক অভিযান পরিচালনা না করার নির্দেশ দেন।
একই সঙ্গে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছেন। আদালত বলেন, হাইকোর্টে বিষয়টির শুনানি ও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তির বিরুদ্ধে কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না।
জানা গেছে, ক্ষতিগ্রস্তদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে এ আবেদন করে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা আদালতকে জানান, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় মসজিদ, মাদরাসা, দরগাহসহ বিভিন্ন ধর্মীয় ও আবাসিক স্থাপনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বুলডোজার অভিযান পরিচালিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্তদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে আদালতের অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রয়োজন।
আবেদনকারীদের যুক্তি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট সাময়িকভাবে উচ্ছেদ কার্যক্রমে স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিষ্পত্তির জন্য রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে সুপ্রিম কোর্টের এ আদেশকে স্বাগত জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নাগরিকদের পাশাপাশি মসজিদ, মাদরাসা, দরগাহ ও অন্যান্য ধর্মীয় এবং আবাসিক স্থাপনার সুরক্ষায় সংগঠনটির আইনি লড়াই অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, ভারতের সংবিধান ও আইনের শাসনের আলোকে এ বিরোধের ন্যায়সঙ্গত সমাধান হবে এবং ক্ষতিগ্রস্তদের অধিকার নিশ্চিত করা হবে।
সূত্র: ইউএনএ নিউজ