২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য সেপ্টেম্বর মাসের ভিসা বুলেটিন প্রকাশ

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য সেপ্টেম্বর মাসের ভিসা বুলেটিন প্রকাশ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। সেপ্টেম্বর মাসটি যুক্তরাষ্ট্রের অর্থবছরের শেষ মাস হওয়ায় পরিবারভিত্তিক ও কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের বেশ কয়েকটি ক্যাটাগরিতে বার্ষিক ভিসা নম্বর দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্রিন কার্ড প্রদানের ক্ষেত্রে মূলত ‘ফাইনাল অ্যাকশন ডেটস’ এবং ‘ডেটস ফর ফাইলিং’—এই দুটি চার্ট ব্যবহার করা হয়। ফাইনাল অ্যাকশন ডেটের ভিত্তিতে ভিসা অনুমোদন ও গ্রিন কার্ড ইস্যু করা হয়। অন্যদিকে ডেটস ফর ফাইলিং অনুমোদিত হলে আবেদনকারীরা আগেভাগেই প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার সুযোগ পান। যুক্তরাষ্ট্রে অবস্থানরত যারা স্ট্যাটাস পরিবর্তনের (অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস) আবেদন করতে চান, তাদের জন্য ইউএসসিআইএস (USCIS) কোন চার্টটি অনুসরণ করতে বলবে, সেটিই চূড়ান্ত হবে। তবে এ বিষয়ে সংস্থাটি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

প্রকাশিত বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক অভিবাসনে এফ-২এ ক্যাটাগরির (গ্রিন কার্ডধারীদের স্বামী/স্ত্রী ও অবিবাহিত সন্তান) ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশের জন্য ফাইনাল অ্যাকশন ডেট নির্ধারণ করা হয়েছে ২২ আগস্ট ২০২৬ এবং মেক্সিকোর জন্য ২২ আগস্ট ২০২৫। তবে ডেটস ফর ফাইলিং চার্টে এই ক্যাটাগরি বিশ্বব্যাপী উন্মুক্ত বা ‘কারেন্ট’ রয়েছে।

কর্মসংস্থানভিত্তিক ক্যাটাগরিতে ইবি-১ বিশ্বের অধিকাংশ দেশের জন্য ‘কারেন্ট’ থাকলেও ভারতের ক্ষেত্রে তা ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত পিছিয়ে রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট সতর্ক করেছে, উচ্চ চাহিদার কারণে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই ভারতের জন্য ইবি-১ ক্যাটাগরি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভারতের আবেদনকারীদের জন্য ইবি-২ এবং আনরিজার্ভড ইবি-৫ ক্যাটাগরির ভিসা নম্বর ইতোমধ্যেই শেষ বা আনঅ্যাভেইলেবল হয়ে গেছে। তবে গ্রামীণ এলাকা, উচ্চ বেকারত্ব ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের ইবি-৫ সেট অ্যাসাইড ক্যাটাগরিগুলো এখনো সবার জন্য উন্মুক্ত রয়েছে। অন্যদিকে ইবি-৩ ক্যাটাগরিতে অধিকাংশ দেশ ও মেক্সিকোর জন্য কাটঅফ ডেট ১ সেপ্টেম্বর ২০২৪, ফিলিপাইনের জন্য ১ আগস্ট ২০২৩, চীনের জন্য ১ জানুয়ারি ২০২২ এবং ভারতের জন্য ১ জানুয়ারি ২০১৪ নির্ধারণ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে অভিবাসন বিশেষজ্ঞরা আবেদনকারীদের নিজেদের প্রাইওরিটি ডেট মিলিয়ে সব ধরনের আইনি প্রস্তুতি, মেডিকেল রিপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন। তারা জানান, ইউএসসিআইএস তালিকা প্রকাশের পরপরই দ্রুত আবেদন জমা দেওয়া উচিত। অন্যথায় ভিসা নম্বর শেষ হয়ে গেলে নতুন অর্থবছরে অক্টোবর মাসের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হতে পারে।

Home R3